আফগানিস্তানের কাছে এবার হারল পাকিস্তান
admin
3rd, September, 2025
আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল পাকিস্তান। পরে জেতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। টানা দুই দাপুটে জয়ের পর এবার হারের তেতো স্বাদ হজম করল পাকিস্তান। আফগানদের কাছে হারল তারা ১৮ রানে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৮০ বলে ১১৩ রানের পার্টনারশিপ। ফিফটি গড়েন দুজনেই। আতালের ব্যাট থেকে আসে ৬৪ রান। আর ইব্রাহিম যোগ করেন ৬৫ রান। বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এই দুজনের ব্যাটিংয়ে ৫ উইকেটের বিনিময়ে ১৬৯ রানের পুঁজি সংগ্রহ করে আফগানরা।
জবাবে ভালো করতে পারেনি পাকিস্তান। ৯ উইকেট হারিয়ে ১৫১ রানেই থেমে যায় সালমান আগার দল। ফকর জামান ২৫, সালমান আগা ২০, সাহিবজাদা ফারহান ১৮ রান এনে দেন। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে হারিস রউফ লড়াই করলেও লাভ হয়নি।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৬৯/৫, ২০ ওভার (ইব্রাহিম ৬৫, আতাল ৬৪; আশরাফ ৪/২৭ ও আইয়ুব ১/১৮)।
পাকিস্তান: ১৫১/৯, ২০ ওভার (রউফ ৩৪*, ফকর ২৫, সালমান ২০, ফারহান ১৮, আশরাফ ১৪, মোহাম্মদ নাওয়াজ ১২; রশিদ ২/৩০, নবী ২/২০, নূর ২/২০ ও ফারুকী ২/২১)।
ফল: আফগানিস্তান ১৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ইব্রাহিম জাদরান।
Leave a Reply